জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তাগিদ দেন।
কর্মকর্তা-কর্মচারীরাও এই সরকারের অংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার তখনই ভালো করবে যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন। আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যও আমাদেরকেই কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি ইশতেহার থাকে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লিখিত সকল এজেন্ডাগুলো বাস্তবায়নে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের সহযোগিতা চান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা যেন নিরাপদ বোধ করে। আমরা সকলে যদি একসঙ্গে কাজ করি তাহলে নিশ্চয়ই এই লক্ষ্য অর্জন করতে পারব। এ ছাড়া দেশ থেকে দুর্নীতি দূর করতেও কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন আশা করি।
এ সময় প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো মেনে চলার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন। এ ছাড়া জাতিকে একটি সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহাদী আমিন উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলী বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দফতর সংস্থার প্রধানগণ, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
বিইউ/এফএ