নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে ইফতারের পর ফাঁকা বাসা পেয়ে একটি বাসার চারতলার গ্রিল কেটে চুরি ঘটনা ঘটেছে। এ সময় বাসায় থাকা ৬-৭ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা পয়সা চুরি করে নিয়ে যায় চক্রের সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেড-এর ৩ নম্বর রোডের ১৬৩/বি২ নারগিস ভিলা নামে একটি ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী এবিএম সাদিকুর রাকিব কিরণ বলেন, ‘ইফতারের পর এক-দেড় ঘণ্টার জন্য আমরা স্বামী-স্ত্রী দুইজন বাজার করতে একটু বের হয়েছিলাম। এরপর বাসায় গিয়ে দেখি আমার মাস্টার বেডরুমের পাশের বারান্দার গ্রিল কেটে চোর বাসায় ঢুকেছিলো। এরপর একে একে আমার বাসার গেট, তারপর আমার আলমারি ভেঙে সব নিয়ে গেছে। মাত্র এক-দেড় ঘণ্টার ভিতর চোর এমন ঘটনা ঘটিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ইফতারের পর বের হয়ে বাজার শেষ করে রাত রাত ৯টার দিকে বাসার নিচে ঢুকছি। আমার স্ত্রী বাসার চারতলায় উঠে দেখে বাসার তালা খুলতেছে না। তখন আমার স্ত্রী আমাকে ফোন দেয় যে, বাসার তালা খুলতে পারছে না। আমি বাসার ওপরে গিয়ে ১০-১৫ মিনিট তালা খোলার চেষ্টা করে তালা খুলতে না পেরে দারোয়ানকে ডাকি। ওই সময় বাসার ভিতর থেকে লক করা বুঝতে পেরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখি পুরা বাসা তছনছ করা। মূল্যবান জিনিসের মধ্যে আমার আর আমার স্ত্রীর আনুমানিক ছয় থেকে সাত ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।’
এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ওই বাসায় গ্রিল কেটে চুরি হয়েছে। প্রাথমিকভাবে তাদের ধারণা, চোর ভুক্তভোগীদের দীর্ঘদিন ধরে ফলো করছিল। ইফতারের পর ভুক্তভোগীরা বাসা থেকে বের হওয়ার সুযোগটি কাজে লাগিয়ে স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। এখনো লিখিত অভিযোগ হাতে পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
একেএস/এমআই