images

জাতীয়

‘সিটি করপোরেশনের সব টেন্ডারের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, সিটি করপোরেশনের চলমান সব টেন্ডারের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। অতীতে টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে এবং অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত করা হবে।
 
বৃহস্পতিবার  (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টর কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল–১, ৬, ৭ ও ৮-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় নবনিযুক্ত প্রশাসক এসব বলেন।
 
ডিএনসিসি প্রশাসক বলেন, শুধু মশার ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। কার্যকর নিয়ন্ত্রণের জন্য সামাজিক সচেতনতা বাড়ানো এবং নিয়মিত মনিটরিং জোরদার করতে হবে। মশককর্মীদের সময়মতো ও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি। 

WhatsApp_Image_2026-02-26_at_2.59.03_PM
উত্তরার ৬ নম্বর সেক্টর কমিউনিটি সেন্টারে ডিএনসিসির মতবিনিময়। ছবি: সংগৃহীত


 
প্রশাসক আরও বলেন, সিটি করপোরেশনে অবৈধভাবে কোনো কাজ করা যাবে না। জনগণ যেন দেখতে পায়, নগর উন্নয়নে কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে। কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্বে মনোযোগী থাকা এবং সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি যেকোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগের সুযোগ থাকবে বলেও জানান।
 
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, জনপ্রতিনিধিদের লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। নতুন ওয়ার্ডগুলোতে দৃশ্যমান উন্নয়ন না হওয়ায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
 
দক্ষিণখানে জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ গ্রহণ এবং উত্তরখানে সিটি কর্পোরেশনের একটি অফিস স্থাপনের দাবি জানান সংসদ সদস্য। সেবা নিতে উত্তরখানের বাসিন্দাদের উত্তরা পর্যন্ত আসা কষ্টসাধ্য বলেও মন্তব্য করেন।
 
মতবিনিময় সভায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা নাগরিক সেবা প্রদানসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। হকার ব্যবস্থাপনা ও অটোরিকশা নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা হয়। সভায় সংশ্লিষ্ট অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
এএইচ/ক.ম