নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল–০৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল–০৫ এর মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ/সংস্কার কাজ পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯-এর বিধি ৪৯-এর (ক), (খ) ও (ঘ) উপবিধি অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সড়ক নির্মাণ/সংস্কার কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাজের বিভিন্ন স্থানে ফাটল, নিচের দিকে ধসে পড়া এবং অন্যান্য ত্রুটি পরিলক্ষিত হয়। এ ঘটনায় তিনি এবং স্থানীয় জনগণ অসন্তোষ প্রকাশ করেন।
এএইচ/ক.ম