নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম
ঢাকার বহুল ব্যবহৃত গণপরিবহন মেট্রোরেলের স্টেশন এলাকায় অনুমতি ছাড়া ছবি তোলা, ভিডিও করা বা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিটি ডিএমটিসিএলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর আগে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষর করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রো স্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বহির্গমন পথ, ট্রেনের ভেতরসহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া শর্ট ভিডিও ধারণ, ইউটিউব বা সামাজিক মাধ্যমে প্রচার, বাণিজ্যিক কিংবা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি, লাইভ সম্প্রচার বা যেকোনো ধরনের শুটিং কার্যক্রম পরিচালনা করা যাবে না।
নির্দেশনা অমান্য করলে প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। মেট্রোরেলের আওতাধীন এলাকায় বাণিজ্যিক শুটিং, ভিডিও বা ফটোগ্রাফির অনুমতি পেতে হলে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে।
এএইচ/এফএ