নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ভুয়া মন্তব্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
প্রতিষ্ঠানটি জানায়, ‘জুলাই যোদ্ধা বলতে কিছু নেই, সংবিধান অনুযায়ী এটা অন্যায়’, অর্থমন্ত্রী এমন মন্তব্য করেছেন বলে দাবি করে ‘Chattala Sangbad-চট্টলা সংবাদ’ নামের একটি ফেইসবুক পেইজ থেকে তার ছবিযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হয়।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এ ধরনের কোনো মন্তব্য করেননি। কোনো তথ্যসূত্র উল্লেখ না করেই তার নামে আলোচিত বক্তব্যটি প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ভারতীয় কিছু গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেইসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক বিভিন্ন বিষয়েও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা ধরা পড়ছে।
বাংলাফ্যাক্ট পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সঠিক তথ্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে তারা কাজ করে যাচ্ছে।
এসএইচ/এমআই