নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলার উদ্বোধন ঘিরে দুই ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। এ সময়ে কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা বের হতে পারবে না এবং কোনো ট্রেনও সেখানে থামবে না।
বাংলা একাডেমির পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমি এ সংক্রান্ত চিঠি ডিএমটিসিএলকে দেয়। এতে জানানো হয়, প্রতিবছরের ধারাবাহিকতায় আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও তৎসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬’ অনুষ্ঠিত হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন মর্মে সম্মতি জ্ঞাপন করেছেন। এ পরিপ্রেক্ষিতে উদ্বোধনের দিন মেট্রোর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সাময়িক বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
এফএ