নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম
রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে র্যাব-২ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ১৪টি দোকানকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ অভিযান চালানো হয়।
এসময় কৃষি মার্কেট কাঁচা বাজার, মুদি দোকান ও আশপাশে ঘুরে বাজারদর খতিয়ে দেখেন অভিযান সংশ্লিষ্টরা। এরপর কয়েকটি দোকানে ঢুকে তাদের মেয়াদোত্তীর্ণ মালামাল ও দামের সামঞ্জস্যতা না থাকায় জরিমানা করা হয়।
অভিযান শেষে র্যাব-২ এর সিইও খালেদুল হক হাওলাদার জানান, জনদুর্ভোগ লাঘবে নিরাপদ খাদ্যপণ্য নীতিতে সরকার বিভিন্ন আইন প্রণয়ন করেছে। এই আইনগুলোর মধ্যে রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, রয়েছে নিরাপদ খাদ্য আইন-২০১৩, রয়েছে বিএসসিআই আইন, রয়েছে বিশেষ ক্ষমতা আইন, এছাড়া পণ্য বিক্রয় আইন। প্রতিটি আইনে জনগণের নিরাপদ খাদ্য এবং ভেজালমুক্ত খাদ্য বিক্রির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, ব্যবসাটা করতে হবে আইনের মধ্য থেকে। যারা বাজারে সিন্ডিকেট করেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে দাম বৃদ্ধি করে অবৈধভাবে মুনাফা অর্জন করেন, তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান।
র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের জানান, অভিযান পরিচালনাকালে আমরা বাজারে যে অ্যানোমেলিগুলো পেয়েছি, তার মধ্যে বেশিরভাগ দোকানেই মূল্য তালিকা ছিল না। কিছু দোকানে আমরা একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য যেমন ভেজাল গুড় বা এ ধরনের অনেক পণ্য বিক্রি করতে দেখেছি।
একেএস/এএইচ