images

জাতীয়

সোহরাওয়ার্দীতে শিক্ষার্থীদের মারধর, পুলিশের ৪ সদস্য ক্লোজড

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনার পর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জড়িতদের শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করেন।

ঘটনার বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, অভিযানের সময় শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতির অবনতির জেরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ সময় ডিউটিতে থাকা চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে পরিচালিত মাদকবিরোধী অভিযানে শিক্ষার্থী নাঈম উদ্দীনসহ কয়েকজন দর্শনার্থী এবং দুই সাংবাদিক মারধরের শিকার হন। আহত দুই সাংবাদিক হলেন তোফায়েল আহমেদ (২৫) ও কাউসার আহমেদ রিপন (২৭)।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য তোফায়েল আহমেদকে লাঠি দিয়ে মারধর করছেন। পরে অন্য সদস্যরা তাকে সেখান থেকে সরিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

অভিযান প্রসঙ্গে ডিসি মাসুদ বলেন, কাউকে আটক করা হলে আইনসম্মতভাবে তল্লাশি করা হয়। তল্লাশিতে কিছু পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, আর কিছু না পাওয়া গেলে তাকে ছেড়ে দেওয়া হয়। সাধারণত কারও সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয় না বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি কেন রাতের অন্ধকারে নির্দিষ্ট পথ ব্যবহার না করে ভেতরের রাস্তা দিয়ে হেঁটেছিলেন, সেটি প্রশ্নের বিষয়। তার মতে, রাত ১০টার দিকে অন্ধকার এলাকায় চলাচল সন্দেহের উদ্রেক করতে পারে। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ আরও সতর্ক থাকবে বলে জানান তিনি।

এম/এআর