নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম
দেড় বছরের বেশি সময় পর আবারও চালু হলো ঢাকা হয়ে আগরতলা-কলকাতা বাস সার্ভিস রয়েল মৈত্রী। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) থেকে ওই বাসের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়।
আগেও ঢাকা হয়ে আগরতলা থেকে কলকাতা পর্যন্ত বাস চলাচল করতো। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার কারণে তা বন্ধ হয়ে যায়।
সম্প্রতি বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে। রাজনৈতিক অস্থিরতা কমার সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক রেখে চলার বার্তা দিয়েছে বিএনপির সরকার। তারই অংশ হিসেবে শনিবার থেকে ফের ঢাকা থেকে আগরতলা-কলকাতা বাস সার্ভিস চালু হয়।
ত্রিপুরার আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থার ম্যানেজার মনোরঞ্জন দেবনাথ গণমাধ্যমকে জানান, ভিসা সংক্রান্ত জটিলতাসহ অনিবার্য কিছু কারণে রয়েল মৈত্রী বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় চালু হয়েছে।
তিনি আরও জানান, এই পরিষেবার জন্য নতুন করে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হয়নি। কারণ দুই দেশের সরকারের মধ্যে যে চুক্তি হয়েছিল, তা বাতিল হয়নি। ২০০১ সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আওতাতেই এই পরিষেবা পুনরায় চালু হলো।
ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, শনিবার আগরতলার কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। আপাতত দুই-তিন দিন এভাবে পরীক্ষামূলক যাত্রা চলবে। তারপর পরিস্থিতি স্থিতিশীল হয়ে গেলে সপ্তাহে তিন দিন এই বাস পরিষেবা চালু হবে।
প্রসঙ্গত, আগরতলা থেকে ট্রেনে গুয়াহাটি হয়ে কলকাতার দূরত্ব প্রায় ১৫৭০ কিলোমিটার। এই পথ আসতে সময় লাগে প্রায় ৪০ ঘণ্টা। তবে ঢাকা হয়ে আগরতলা থেকে কলকাতার দূরত্ব মাত্র ৫০০ কিলোমিটার। বাসে ভাড়া পড়বে ২৮০০ টাকা।
এএইচ