images

জাতীয়

মাদকবিরোধী অভিযানে সাংবাদিকের ওপর হামলা, আহত ১

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ এএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চলাকালে সাংবাদিকসহ কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বাংলানিউজ২৪.কম-এর মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ আহত হয়েছেন।

সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ভাষ্যমতে, অভিযানের দৃশ্য সরাসরি সম্প্রচারের জন্য তোফায়েল আহমেদ ও অন্যান্য গণমাধ্যমকর্মীরা ফেসবুক লাইভে ছিলেন। এ সময় কোনো ধরনের উসকানি ছাড়াই একদল পুলিশ সদস্য তাদের কাজে বাধা দেন। তোফায়েল নিজের পরিচয় দিলেও পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশ সদস্যরা তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং লাঠিচার্জ করেন।

প্রত্যক্ষদর্শী ‘আজকের পত্রিকা’র মাল্টিমিডিয়া রিপোর্টার কাওসের আহম্মেদ রিপন জানান, তোফায়েলকে মারধর করতে দেখে অন্য সাংবাদিকরা তাকে রক্ষা করতে এগিয়ে যান। তখন পুলিশ সদস্যরা উপস্থিত অন্যদের ওপরও চড়াও হন এবং বেধড়ক লাঠিপেটা করেন।

আহত তোফায়েলকে তার সহকর্মীরা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ‘ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমআইকে/একেবি