জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে নিজ দফতর থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাদের সংযুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে আদেশগুলো জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
তিন সচিবের মধ্যে সাইফুল্লাহ পান্না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব হিসেবে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন। আগামী সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মিজ রেহানা পারভীনের নিয়মিত চাকরির মেয়াদ শেষের দিকে। তিনি স্বাভাবিক নিয়মেই অবসর উত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। নিয়মিত চাকরির মেয়াদ শেষ হওয়ার অনেক আগে ধর্ম সচিবকে জনপ্রশাসনে পাঠানোর মধ্য দিয়ে তাকে মূলত কর্মহীন করে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কারণ আগামী জুলাইয়ে তার পিআরএলে যাওয়ার কথা। তার আগেই তাকে জনপ্রশাসনে বদলি করা হলো।
বিইউ/এআর