নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘বিভাজন কিংবা অনৈক্য আমাদের লক্ষ্য হতে পারে না। আমাদের শক্তির মূল জায়গা হলো- মানুষের মানবতা।’
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশের কবিতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘বিভাজন নয়, ঐক্যই হোক আমাদের শক্তি। ভিন্নমত থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু তা যেন সমাজকে ভেঙে না দেয়। মানবিক মূল্যবোধকে সামনে রেখে এগিয়ে গেলে দেশ আরও সমৃদ্ধ হবে। জাতির ইতিহাসের প্রতিটি সংকটে সংস্কৃতি ও সাহিত্য মানুষকে সাহস জুগিয়েছে, পথ দেখিয়েছে।’
তিনি আরও বলেন, ‘নতুন স্বপ্ন নিয়ে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে হবে, যেখানে মানুষের পরিচয় নির্ধারিত হবে তার সততা ও দেশপ্রেমে।’
আরও পড়ুন:
মোহাম্মদপুরের ঐতিহ্য সাত গম্বুজ মসজিদ
এসময় কবিতার শক্তির কথা তুলে ধরে তিনি বলেন, ‘কবিতা শুধু আবেগ জাগায় না, কাঁদায়ও না; কবিতা মানুষকে সত্য ও ন্যায়ের পথে জাগিয়ে তোলে।
‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় যেমন একটি বলিষ্ঠ সাংস্কৃতিক জাগরণ গড়ে উঠেছিল, তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার ভাবনায়ও ছিল একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন।’
তিনি মনে করেন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতা জরুরি।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘সংস্কৃতি অঙ্গনকে আরও গতিশীল ও বেগবান করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সংস্কৃতির শক্তিকে কাজে লাগিয়ে একটি প্রগতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সংস্কৃতি অঙ্গন নিরলসভাবে কাজ করে যাবে।’
সভায় সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে শহিদ, ভাষা শহিদ, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতা এবং দেশ ও মানুষের জন্য আত্মোৎসর্গকারী কবি-সাহিত্যিকদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়।
পরে দেশের প্রথিতযশা কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। পাশাপাশি আবৃত্তিশিল্পীরা দেশাত্মবোধক ও একুশভিত্তিক কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। এতে পুরো মিলনায়তনে একুশের চেতনা, ভাষার প্রতি ভালোবাসা এবং মানবতার বার্তা এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
এএইচ/এএম