Dhaka Mail Logo

জাতীয়

ভাষা শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে কোরআন খতম

নিজস্ব প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে হাফেজদের তিলাওয়াতের মাধ্যমে কোরআন খতম শুরু হয়ে দুপুরে শেষ হয়। 

পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। 

বিষয়টি নিশ্চিত করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন।

তিনি জানান, মোনাজাতে বায়ান্নর ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থাটির সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. বজলুর রশীদ এবং প্রকাশনা বিভাগের পরিচালক মো. রেজ্জাকুল হায়দারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির বিভিন্ন কেন্দ্রেও একইভাবে কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এএইচ/এএইচ