images

জাতীয়

শহীদ ওসমান হাদির সঙ্গে জাবেরের রমজানের স্মৃতি

ঢাকা মেইল ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে গত রমজানের স্মৃতিচারণ করেছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাপূর্ব রাত ২টা ৪৬ মিনিটে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন।

আব্দুল্লাহ আল জাবের পোস্টে যা লিখেছেন—

‘সাহরিতে পান্তা ভাতের সাথে ডালের বড়া আমার ভীষণ পছন্দ। রমজানে বাড়িতে থাকলে আমি তিনবেলাই (ইফতার, রাতের খাবার আর সাহরি) ডালের বড়া খাই। কয়টা খাই তার হিসেব শুধু আম্মা আর আল্লাহ জানেন। আমি শুধু খাই...।

গত বছর রমজানে বাড়িতে যাওয়ার সুযোগ হয় নাই। ওসমান ভাইরে কইলাম, রমজানে আম্মা বাড়িতে গেলে ডালের বড়া খাওয়ায়। আপনি যা শুরু করছেন, এইবার মনে হয় খাওয়া হবে না। ভাই বললেন, তকদিরে থাকলে খাবা, ইনশা’আল্লাহ।

একদিন তারাবির নামাজ শেষ করে বললেন, আমার বাসায় যাবা আজ। বেশকিছু কাজ জমে আছে। দুই ভাই মিইল্লা একসাথে করমুনে। রাতে তো এমনিতেই ঘুমাও না।

বাসায় গিয়ে দেখি ভাবিরে দিয়া ডালের বড়া বানাইয়া রাখছে। আমার প্লেটে দুইটা দিয়া বললো, খাও, সাহরির জন্যও আছে। এরপরে বেশ কয়েকদিন তার বাসায় সাহরি খাইছি। প্রায় প্রতিবারই ডালের বড়া আর পান্তা ভাত আমার জন্য বরাদ্দ ছিল।

আল্লাহ দুনিয়াতে সামান্য জাবেরের জন্য যার এতখানি দরদ ছিল, তারে তুমি তোমার দরদে পরিপূর্ণ করে দিও। হাউজে কাওসারের পানি দিয়ে তার অন্তর ঠান্ডা করে দিও। তারে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দিও। আখিরাতে আমাদের মতো গুনাহগারদের দূর থেকে হলেও তার শান-শওকত দেখবার সুযোগ দিও। তারে তুমি তোমার করে নিও।’

/এএস