নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আইসিটি খাতের গুরুত্ব ও দিকনির্দেশনা নিয়ে বক্তব্য প্রদানকাল তিনি এসব কথা বলেন।
ফকির মাহবুব আনাম বলেন, ‘সরকার যে নীতিমালা নির্ধারণ করবে, তা কার্যকর করার ক্ষেত্রে কর্মকর্তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতা অপরিহার্য। আইসিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত। দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে আইসিটি সেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য প্রযুক্তির সুবিধা সহজলভ্য করা সরকারের অগ্রাধিকার। আমরা চাই, কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব পালন করতে গিয়ে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ প্রদর্শন করুন।’
মন্ত্রী আরও বলেন, ‘নতুন সরকার কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চায়। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দৃশ্যমান অগ্রগতি ও কার্যকর উদ্যোগের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব। কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একত্রিতভাবে কাজ করে নতুন ভিশন ও নীতির আলোকে স্বচ্ছ ও গতিশীল পরিবেশে আইসিটি খাতকে এগিয়ে নিতে হবে।’
আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ‘আইসিটি বিভাগ দেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্র হিসেবে কাজ করছে। বিভাগ আইসিটি আইন ও নীতি প্রণয়ন, ডাটা সেন্টার ও হাইটেক পার্ক স্থাপন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, স্টার্ট-আপ ও উদ্ভাবনী উদ্যোগে সহায়তা, সাইবার নিরাপত্তা জোরদার এবং দক্ষ জনবল তৈরি নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। মন্ত্রীর দিকনির্দেশনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকার নির্ধারিত নীতিমালা বাস্তবায়নে একযোগে কাজ করবে।’
অনুষ্ঠানে আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এএইচ/এমআই