images

জাতীয়

নতুন সংসদ সদস্যদের শপথ কবে, যা জানা যাচ্ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নববির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ গেজেট প্রকাশ করা হয়। এখন চলছে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর প্রস্তুতি। কবে নাগাদ শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ নিয়ে সরকার ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।  
 
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর নিয়ম গত সংসদ অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার বা তাঁর মনোনীত ব্যক্তি। এই সময় অতিক্রম হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। 

 
 
২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর শিরীন শারমিন চৌধুরীকে প্রকাশ্যে দেখা যায়নি। এখন সিইসিকে দিয়ে শপথ পড়াতে হলে গেজেট প্রকাশের পর তিন দিন অপেক্ষা করতে হবে। এই পরিস্থিতিতে সিইসি এ এম এম নাসির উদ্দীনই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠান আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হতে পারে। 

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংসদ সদস্যদের শপথ খুব দেরি হলেও এটা ১৬ কিংবা ১৭ ফ্রেব্রুয়ারির মধ্যে হবে। এর পরে যাবে না। 
 
এদিকে শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক কাজও শুরু হয়েছে। প্রেস সচিব জানান, শপথের প্রস্তুতির কাজ গতকাল শুক্রবার থেকেই শুরু হয়েছে। আজ শনিবার নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। বাকি কাজগুলো খুব দ্রুতগতিতে চলছে। প্রধান উপদেষ্টা কালকেও কাজ করেছেন, আজকেও করছেন। টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে। 
 
নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনি ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

ক.ম/