images

জাতীয়

কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণার জন্য নির্বাচন কমিশনে মঞ্চ প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম

দেশের গণমানুষের বহুল কাঙ্খিত ও আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। সারা দেশের মোট ফলাফল কেন্দ্রীয়ভাবে প্রকাশ করতে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাজানো হয়েছে এ মঞ্চ।

এদিকে মঞ্চে সংবাদ কাভার করার জন্য গণমাধ্যমগুলোর বুথ রাখা হয়েছে। এইখান থেকে ভোটের ফলাফল কাভার করবেন দেশি-বিদেশি সাংবাদিকরা। ভোট ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাস কার্ড ছাড়া কাউকে নির্বাচন কমিশনকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

জানা গেছে, সারা দেশের ফলাফল একত্র করে মোট ফলাফল ঘোষণা করবেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এদিকে ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। সন্ধ্যার পর থেকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে।

দুপুরে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, সারা দেশে ২৯৯টি আসনে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৬৫১টি। সব কটি কেন্দ্রেই একযোগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো ভোটকন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়নি।

ইসি সচিব বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আশঙ্কাজনক আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, এ জন্য তাদের ধন্যবাদ জানাই।

এসএইচ/এফএ