নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির জনসংযোগ শাখার পরিচালক মো রুহুল আমিন মল্লিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সার্বিক সহযোগিতা প্রদান করায় বাংলাদেশ নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, ভোটারসহ দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আগামীকাল (শুক্রবার) বাদজুমা সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সারাদেশে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে এয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
বিকেলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দুপুর ২ টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬শ ৫১ টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট কাস্টিং ৪৭.৯১ শতাংশ।
তবে শেষ পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে তা এখনও জানা যায়নি।
এমএইচএইচ/এএম