নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল সেগুলো নিয়ন্ত্রণে আছে এবং স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব।
এ সময় দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে বলে তথ্য দেন তিনি।
এর আগে ভোট শুরুর প্রতি দুই ঘণ্টা পরপর ভোট টার্নআউটের আপডেট সাংবাদিকদের জানানোর কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর ভোটের প্রথম টার্নআউট জানানো প্রসঙ্গে ইসি সচিব বলেন, ”এবার এই ইনফরমেশনের ডাটা কালেকশনের মেথডটা আমরা চেঞ্জ করেছি। সে কারণে আমাদের লিড টাইমটা একটু বেশি লাগছে।”
কারণ হিসেবে ইসি সচিব বলেন, ‘আমরা অতীতে দেখেছি, প্রিজাইডিং অফিসারদের থেকে এই ডাটাটা ইমপোর্ট করতে গেলে সমস্যা হতো। মূলত তারাই আসলে ভোটারদের ভোটের প্রবাহকে সামাল দেন। এতে অসুবিধা হতো। সেজন্য আমরা পদ্ধতিগত পরিবর্তন করেছি। আমরা আবারো আরেকটা আপডেট দেব।”
ভোটের তথ্য আনার পদ্ধতিতে কী পরিবর্তন আনা হয়েছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এখন এটা অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে তথ্য আনা হচ্ছে।
নির্বাচনে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা হয়েছে। মূলত কেন্দ্রের বাইরে এগুলো হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি। তাৎক্ষণিকভাবে এই জিনিসটা ইন্টারসেপ্ট করার কারণে কোনো ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত বা বন্ধ করা হয়নি।
ইসি সচিব আরো বলেন, কিছু কিছু জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল সেগুলো নিয়ন্ত্রণে আছে এবং স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।…এবং আশঙ্কাজনক কোন পরিস্থিতি নেই।”
কুমিল্লা-১৪ আসনের একটি কেন্দ্রে নারীদের ভোট একজন, আরেকজনকে দিতে দেখা গেছে, ১০ জন একসঙ্গে ভোট দিচ্ছেন, এরকম ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিত মাধ্যমে। এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘আমাকে জানান আমি এখনি ব্যবস্থা নেব।…প্রেস সেকশনকে দেন, আমি ব্যবস্থা নেব। এটা যদি হয়ে থাকে নিন্দনীয়। আমরা ইন্টারসেপ করব।”
আখতার আহমেদ জানান, ‘ময়মনসিংহ-১ আসনের একটা কেন্দ্রের একজন সহকারী প্রিজাইডিং অফিসার গতরাতে ভোরবেলা ইন্তেকাল করেছেন। তার রিপ্লেসমেন্টও দেওয়া হয়েছে। কাজেই ভোট গ্রহণ বিঘ্নতা হয়নি।
কাস্টিং ভোটের হার কী গণভোটের হার মিলিয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন,”হ্যাঁ দুটা মিলিয়ে।”
নির্বাচনী সহিংসতার ঘটনা উল্লেখ করে ইসি সচিব বলেন, “সহিংসতার ঘটনা যে ফ্যাটাল কোন কিছু না, মেহেরপুরে ভোট দিয়ে যাওয়ার পথে মারামারি হয়েছে। ভোট দিয়ে ফেরত যাওয়ার পথে মারামারি হয়েছে, দুজন আহত হয়েছেন। চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। এটা হতাহতের কোনো কোন খবর না। তাদের তাৎক্ষণিকভাবে ফার্স্ট এইড দেওয়া হয়েছে।”
ভোটার টার্নআউট নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট কিনা- জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “এটার তো জবাব আপনারা (গণমাধ্যম) দেবেন।…আমরা তো চাইবই যে টার্নআউট বেশি হোক। আপনারাই বলেন যে এটাতে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত কিনা বা আপনারা সন্তুষ্ট কিনা।”
দেশে ৪২ হাজারের বেশি ভোট কেন্দ্রে সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনার কার্যক্রম শুরু হবে।
এমএইচএইচ/এমআর