নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম
ঢাকা-৫ আসনের ডেমরায় অবস্থিত সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ৪ নম্বর ভোটকেন্দ্রে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে ঢাকা মেইলকে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আমিমুজ্জামান।
কেন্দ্র সূত্রে জানা যায়, কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এক নারী ভোটার পরিচয়ে ভোট দেন। পরে প্রকৃত ভোটার উপস্থিত হলে বিষয়টি ধরা পড়ে।
প্রিজাইডিং কর্মকর্তা আমিমুজ্জামান বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটি জাল ভোট পড়েছে। প্রকৃত ভোটার আসার পর বিষয়টি জানতে পারি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রকৃত ভোটারের ভোট গ্রহণ করে তা আলাদা করে সংরক্ষণ করা হয়েছে।’
সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুপুর পর্যন্ত কেন্দ্রটিতে প্রায় ৩৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
এর আগে বুধবার রাতে একই কেন্দ্রে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার রাত প্রায় ৮টার দিকে স্থানীয় বিএনপি নেতা শাহ আলমসহ কয়েকজন নেতা ভোটকেন্দ্রে প্রবেশ করে কিছু সময় অবস্থান করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে জামায়াত ও অন্যান্য প্রার্থীর সমর্থকেরা কেন্দ্রের আশপাশে জড়ো হন। স্থানীয়দের আপত্তির মুখে বিএনপি নেতারা কেন্দ্র ত্যাগ করেন।
প্রবেশের কারণ জানতে চাইলে শাহ আলম বলেন, ‘আগামীকাল নির্বাচন, সেটা আমরা জানি। ব্যক্তিগত কাজে কলেজের অধ্যক্ষ ড. মো. মাহবুবুর রহমান মোল্লার সঙ্গে দেখা করতে এসেছিলাম। কাজ শেষ, এখন চলে যাচ্ছি।’
রাতে উপস্থিত অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা নির্বাচন-পূর্ব সময়ে ভোটকেন্দ্রে প্রবেশকে অনুচিত ও বিধিবিধান পরিপন্থী বলে মন্তব্য করেন। কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঢাকা-৫ আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে মোট ভোটার চার লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ১৪ হাজার ৫৯৪ জন, নারী দুই লাখ পাঁচ হাজার ৩৯৭ জন এবং হিজড়া ভোটার ৫ জন।
এমআর/ক.ম