images

জাতীয়

বিএনপি প্রার্থীর সঙ্গে ‘গোপন বৈঠক’, কর্মকর্তার অপসারণ চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম

ঢাকা-১৬ আসনে বিএনপি প্রার্থীর সঙ্গে এক নির্বাহী প্রকৌশলীর গোপন বৈঠকের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন। অভিযোগের সঙ্গে ছবি ও ভিডিও সংযুক্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলির দাবি জানানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদের কাছে তিনি লিখিত অভিযোগ করেন।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের মালামাল বিভাজন, বিতরণ ও গ্রহণ কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে মো. কামরুল হাসান, নির্বাহী প্রকৌশলী (পুর)। তিনি গতকাল ঢাকা- ১৬ আসনের মনোনীত বিএনপি প্রার্থী জনাব আমিনুল হকের বাসায় গোপন বৈঠক করেন (ছবি ও ভিডিও সংরক্ষিত পেনড্রাইভ সংযুক্ত)। তিনি নির্বাচনী দায়িত্বে থাকা অবস্থায় একজন প্রার্থীর বাসায় গোপন বৈঠক করা দণ্ডনীয় অপরাধ, যা তিনি করেছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একজন প্রার্থীর সঙ্গে সখ্য বজায় রেখে একটি আসনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তাকে তাৎক্ষণিক বদলি করে অন্য কাউকে দায়িত্ব প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমএইচএইচ/এআর