images

জাতীয়

বিবরণী দিলেন প্রধান উপদেষ্টা, কত বাড়ল সম্পদের পরিমাণ

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানায়। গত ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদ ছিল ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। এক বছর আগে এটি ছিল ১৪ কোটি এক লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। অর্থাৎ এক বছরে তার সম্পদ বেড়েছে এক কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা।

সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানত বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদির কারণে মোট সম্পদ বেড়েছে বলে তিনি জানিয়েছেন। প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের মোট পরিসম্পদ এক কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা, যা আগের অর্থবছরে ছিল দুই কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। এর ফলে এক বছরে তার সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা।

আয়কর আইন অনুযায়ী একজন করদাতার মালিকানাধীন স্থাবর-অস্থাবর, আর্থিক ও মূলধনী সম্পত্তির সমষ্টি হলো পরিসম্পদ।

অধ্যাপক ইউনূসের সম্পদের বিবরণের তথ্য অনুযায়ী তার আর্থিক সম্পদ ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৪০১ টাকা। এক বছর আগে এটি ছিল ১৩ কোটি ১৮ লাখ ৭১ হাজার ৪৩৩ টাকা। নন–ফাইনান্সিয়াল সম্পদ রয়েছে ২১ লাখ ৬ হাজার ২৫০ টাকা, যা এক বছর আগে ছিল ২০ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। দেশের বাইরে তার সম্পদ ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা, এক বছর আগে ছিল ৬১ লাখ ৭৫ হাজার ৭৪০ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৩ সালের আয়কর আইন প্রণয়নের সময় ব্যক্তির সম্পদের সংজ্ঞা আন্তর্জাতিক রীতি অনুযায়ী নির্ধারিত হয়েছে। এতে আর্থিক সম্পদ বলতে বোঝায় নগদ টাকা, ব্যাংকে রাখা টাকা, সঞ্চয়পত্র, বিভিন্ন শেয়ার ও কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ। নন–ফাইনান্সিয়াল সম্পদ হলো আর্থিক সম্পদের বাইরে থাকা সম্পদ, যেমন জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লটসহ সব ধরনের স্থাবর সম্পদ।

প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদের বিবরণীর তথ্য অনুযায়ী তার আর্থিক সম্পদ ৪ লাখ ৫১ হাজার ৮৬০ টাকা। এক বছর আগে এটি ছিল ৯৫ লাখ ৪১ হাজার ৬৭৯ টাকা। নন–ফাইনান্সিয়াল সম্পদ ১ কোটি ২৩ লাখ ১১ হাজার ৫০০ টাকা, এক বছর আগে ছিল ১ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৫৯৫ টাকা। বিদেশে তার কোনো সম্পদ নেই।

অধ্যাপক ইউনূসের কোনো দায় নেই। তবে তার স্ত্রীর ১৬ লাখ ৯৬ হাজার টাকার দায় রয়েছে।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

২০২৪ সালের ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন সব উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটি সরকারি সব কর্মকর্তার ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংবিধানের ৭৭ অনুচ্ছেদ অনুসারে ন্যায়পাল নিয়োগে অধ্যাদেশ প্রণয়ন করা হবে।

ওই বছরের ১ অক্টোবর ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করা হয়। নীতিমালায় বলা হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি, যারা সরকার বা প্রজাতন্ত্রের কাজে নিযুক্ত, তারা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আয় ও সম্পদের বিবরণী জমা দেবেন। স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেটিও জমা দিতে হবে। এই বিবরণী প্রধান উপদেষ্টা নিজ বিবেচনায় প্রকাশ করবেন।

কিন্তু এতদিনেও এটি প্রকাশ না করায় সমালোচনা হচ্ছিল। তাই অবশেষে আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরে কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। সংযোজন-বিয়োজনের পর বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা প্রধান উপদেষ্টাসহ ২১। এ ছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চারজন রয়েছেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার চার বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন। আজ তাদের সবার সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

এআর