Dhaka Mail Logo

জাতীয়

বন্যায় প্রাণহানি বেড়ে ১২১

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই ২০২২, ০৬:৪৭ পিএম

টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় সারাদেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১২১ জনে দাঁড়িয়েছে। গত ১৭ মে থেকে ১৬ জুলাই দুপুর পর্যন্ত এই প্রাণহানি ঘটে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুই জন।

শনিবার (১৬ জুলাই) বিকেলে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গতকাল শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে মোট ১৯ হাজার ৫১৫ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ১৭ মে থেকে শনিবার দুপুর পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন মোট ১১ হাজার ৮৮৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে একজনের। সেই সঙ্গে বন্যায় সৃষ্ট চোখের রোগ আরটিআইয়ে আক্রান্ত হয়েছেন ৯৩০ জন। তবে এই রোগে এখনও কারও মৃত্যুর খবর জানা যায়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ১৭ মে থেকে এখন পর্যন্ত সারাদেশে বজ্রপাতের শিকার হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে সবাই মারা গেছেন। এছাড়া সাপের কামড়ের শিকার ২১ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আর সবমিলিয়ে পানিতে ডুবে মারা গেছেন আরও ৯৪ জন।

জেলাভিত্তিক মৃত্যু বিবেচনায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। গত ১৭ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত এই জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সিলেট জেলায় বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নেত্রকোনায় ১৯ জন ও জামালপুরে নয়জন ছাড়াও ময়মনসিংহে ছয়জনের মৃত্যু হয়েছে। আর শেরপুর জেলায় সাতজনসহ কুড়িগ্রামে পাঁচজন এবং লালমনিরহাটে বন্যায় সাতজন মারা গেছেন।

/আইএইচ