images

জাতীয়

পোস্টাল ব্যালটে ভোট দিলেন আনিসুল, ইনু ও মেনন, দেননি পলক ও সালমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম

দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দিরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এই প্রক্রিয়ায় পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুসহ ২২ ভিআইপি বন্দি।  

পাশাপাশি তারা গণভোটেও অংশ নেন। তবে ভোট দেননি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। 

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ। 

তিনি ঢাকা মেইলকে বলেন, কারাগারে বন্দি ২২ ভিআইপি এবার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। তাদের মধ্যে ১১ জন সাবেক সচিব এবং পাঁচজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। সাবেক সরকারের প্রতিমন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ও রাসেদ খান মেনন ভোট দিয়েছেন। তবে পলক ও সালমান এফ রহমান ভোট দেওয়ার জন্য কোনো রেজিস্ট্রেশন করেনি। ফলে তারা ভোটে অংশও নেয়নি। ভোটগুলো ডাকযোগে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। ভোটের দিন সাধারণ ব্যালটের সঙ্গে যুক্ত করে সেগুলো গণনা করা হবে। 

জান্নাত-উল-ফরহাদ আরও বলেন, তারা পোস্টাল ব্যালট ভোটে অংশ নেওয়ার পাশাপাশি গণভোটেও অংশ নেন। 

আরও জানা গেছে, ভিআইপি ২২ কারাবন্দির মধ্যে সাবেক আমলা, প্রতিমন্ত্রী, মন্ত্রী, আইজিপি, সচিব ও উচ্চ পদমর্যাদার ব্যক্তিও রয়েছেন। 

কারা অধিদফতর সূত্র জানায়, এবার দেশে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে ৫ হাজার ৯৯০ জন কারাবন্দি নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে ৪ হাজার ৬৭ জন ভোট দেন। বাকিরা আজ ভোট দেয়ার কথা ছিল। তবে সর্বশেষ কতজন দিয়েছেন সেই পরিসংখ্যান পাওয়া যায়নি।  

কারা অধিদফতর সূত্র আরও জানিয়েছে, ভোটের আগে তাদের কাছে খামে পোস্টাল ব্যালট আসে। তারা সেই খামগুলো রেজিস্ট্রেশন করা কারাবন্দিদের দেন। কারও কারও খামের কোড স্ক্যান করে দেন তারা। এরপর রেজিস্ট্রেশনকৃত কারাবন্দিরা ভোট দেন। 

তবে ভোটের জন্য সারাদেশের কারাগারকে কয়েক ভাগে ভাগ করা হয়। ঢাকা বিভাগকে দুটি সাংগঠনিক অংশে ভাগ করে ঢাকা বিভাগ-১-এর আওতায় ১ হাজার ৪৭৬ জন এবং ঢাকা বিভাগ-২-এর আওতায় ১ হাজার ১৮৩ জন বন্দি নিবন্ধিত হন।

এমআইকে/এএইচ