মো. মেহেদী হাসান হাসিব
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নেটওয়ার্কবিহীন তিন জেলার ১০৮ ভোটকেন্দ্রের ফলাফল সংগ্রহ করতে আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিক নেটওয়ার্ক বা ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানিয়েছে, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির যেসব ভোটকেন্দ্রে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না সেসব ভোটকেন্দ্রের ফলাফল সংগ্রহ করতে আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিক নেটওয়ার্ক বা ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করা হবে। এজন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে এ তিন জেলার রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিও দিয়েছে। রাঙ্গামাটি জেলার- ২০টি, বান্দরবান জেলার- ৪৬টি এবং খাগড়াছড়ি জেলার- ৪২টিসহ মোট ১০৮টি ভোটকেন্দ্রের ফলাফল এ পদ্ধতিতে সংগ্রহ করবে ইসি।
ইসির সিনিয়র সহকারী সচিব মো.শহীদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাথমিক বেসরকারি ফলাফল দ্রুততার সঙ্গে প্রস্তুত ও পরিবেশন/ঘোষণার জন্য পার্বত্য জেলাগুলোয় অবস্থিত মোবাইল নেটওয়ার্কবিহীন দুর্গম কিংবা হেলিসটি ভোটকেন্দ্রের কেন্দ্রভিত্তিক ভোটগণনার বিবরণী বাংলাদেশ সেনাবাহিনী/বিজিবি/পুলিশ এর আধুনিক নেটওয়ার্ক বা ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করে সংগ্রহের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
এ অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি প্রাথমিক ফলাফল প্রস্তুত ও পরিবেশন/ঘোষণায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এ তিন জেলার রিটার্নিং কর্মকর্তাদের বলা হয়েছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৭৯টি। এবার ভোটকক্ষের (বুথ) সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
ইসি আরও জানিয়েছে, ওই দিন নির্বাচন কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। তাদের মধ্যে ৪২ হাজার ৭৭৯ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, একই দিনে দুটি ভোট আয়োজনের কারণে বুথ ও ভোটকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবার ব্যালট গণনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে।
বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪৪ হাজারের মতো ভোটকেন্দ্র ছিল। একাদশ সংসদ নির্বাচনে ৪০ হাজারেরও বেশি ভোটকেন্দ্র ছিল, ভোটকক্ষ ছিল ২ লক্ষাধিক। দশম সংসদ নির্বাচনে ৩৭ হাজার ৭০৭টি; ভোটকক্ষ ছিল ১ লাখ ৮৯ হাজার ৭৮টি। নবম সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল ৩৫ হাজার ২৬৩টি; ভোটকক্ষ ছিল ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন।
এমএইচএইচ/এফএ