জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম
সন্ত্রাসবিরোধী অভিযানে পুলিশ, র্যাব ও যৌথ বাহিনীর অভিযানে প্রায় ছয় মাসে এখন পর্যন্ত ৭ হাজার ৭৩১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই তালিকায় নিখোঁজ হওয়া লাইসেন্সকৃত, মালখানা বা পুলিশ স্টেশন থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র রয়েছে অর্ধেক।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বশস্ত্র বাহিনীর অপারেশন ও প্ল্যান ডিভিশনের মহাপরিচালক জেনারেল মোহাম্মদ আলী হায়দার সিদ্দিকী।
এই সেনা কর্মকর্তা বলেন, সামগ্রিকভাবে গত সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত মোট ৭ হাজার ৭৩১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুলিশ ও র্যাবের খোয়া যাওয়া অস্ত্র থেকে ৪ হাজার ৪৩২টি, জেল কর্তৃপক্ষ থেকে হারিয়ে যাওয়া ৬৫টি, নিখোঁজ হওয়া লাইসেন্সকৃত অস্ত্রের মধ্যে ৩২৮টি, মালখানা বা পুলিশ স্টেশন থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্রসহ মোট ২ হাজার ৯০৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আলী হায়দার সিদ্দিকী আরও বলেন, বর্তমানে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বাহিনীর সদস্যরা পৌঁছে গেছেন এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। জেলা প্রশাসন পুলিশ এবং অন্যান্য বাহিনীর সমন্বয়ে আমরা একটা অবাধ নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।
তিনি জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ১৯৯টি অস্ত্র, ১৯৭২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং এক হাজার ৮০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া তিন বাহিনী থেকে মোট এক লাখ ৬২ হাজার ২৩৩ জন সদস্য মোতায়েন করা হয়েছে এবং একটি বড় অভিযানের মাধ্যমে ১০৭টি অস্ত্র ও ৬১৩টি গোলাবারুদ উদ্ধারসহ ৮৬৭ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
এমআইকে/এএইচ