images

জাতীয়

ভোটে আনসার-ভিডিপির নিরপেক্ষতা নিশ্চিতে ইসির নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি সদস্যদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি আনসার-ভিডিপির মহাপরিচালককে পাঠানো হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিশ্চিতকরণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের স্ব-স্ব ইউনিয়নে পদায়ন না করার জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন।

এতে আরও বলা হয়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পথভোট উপলক্ষে নির্বাচনি দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্যদের পদায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটের ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন।

এমএইচএইচ/এএইচ