নিজস্ব প্রতিবেদক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে পলাতক যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেনেড, ককটেল বোমা, গানপাউডার ও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এ সময় তিন নারীকে গ্রেফতার করা হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টায় মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- মুক্তা আক্তার, নাজমা আক্তার ও কাকলী আক্তার।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত তিন নারী সবাই পলাতক সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মাইনউদ্দিন ইসলাম শুভ এর স্ত্রী ও বোন। মাইনউদ্দিন ইসলাম শুভ এর বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে।
অভিযানে ২টি লাইট গ্রেনেড, ১১টি ককটেল বোমা, ১২৫ গ্রাম গানপাউডার, বোমা তৈরির ৯ কেজি রাসায়নিক দ্রব্য এবং ৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুরে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের শেরে বাংলা ক্যাম্প, সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা সেনা ক্যাম্পের একটি দল ও মোহাম্মদপুর থানা পুলিশ ঢাকা উদ্যান এলাকায় একটি বাড়িতে যৌথ অভিযান চালায়। অভিযান চলাকালে ওই বাড়ি থেকে বিপুল পরিমান গ্রেনেড ও বিষ্ফোরক দ্রব্যসহ তিন নারীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা জানান, মাইনউদ্দিন ইসলাম শুভ কুখ্যাত সন্ত্রাসী ফয়সাল করিম দাউদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। উফয়সাল করিম দাউদ আলোচিত ওসমান হাদী হত্যা মামলার মূল আসামি। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি মাইনউদ্দিন ইসলাম শুভর ছিল বলেও তারা স্বীকার করেন।
এছাড়াও গত বছরের ১৩ ডিসেম্বর ফয়সাল করিম দাউদ ও মাইনউদ্দিন ইসলাম শুভ একসাথে ভারতে পালিয়ে যায় এবং যাওয়ার আগে উদ্ধারকৃত বিস্ফোরক ও মাদকদ্রব্যগুলো তাদের পরিবারের সদস্যদের জিম্মায় রেখে যান।
পরবর্তীতে আটক তিন নারী ও উদ্ধারকৃত বিস্ফোরক ও মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একেএস/ক.ম