জ্যেষ্ঠ প্রতিবেদক
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম
অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানসহ এসবের চতুর্দিকের ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করেছে সরকার। এই সীমানার মধ্যে এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। আর এই অপরাধে সেই ব্যক্তিকে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা গুনতে হবে অথবা তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে সবার উদ্দেশে বিষয়টি জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সচিবালয় এলাকায় (সচিবালয়ের চারদিকের ও অভ্যন্তরীণ রাস্তাসমূহ ও পার্কিং এলাকা) শব্দ দুষণ আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে বা হর্ন বাজালে ডিএমপি'র ট্রাফিক বিভাগ কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা (অর্থদন্ড) কার্যকর করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে বিআরটিএ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদফতর ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে অভিযান (বিশেষ ভ্রাম্যমান আদালত) ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হবে।
এজন্য সব সরকারি/বেসরকারি গাড়িচালকদের শব্দদূষণ নিয়ন্ত্রণে সচিবালয় এলাকায় হর্ন না বাজানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এমআইকে/ক.ম