নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৬, ১১:১৬ এএম
২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) ভাইস-চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) নিউইয়র্কে বাংলাদেশের জাতিসংঘ স্থায়ী মিশনের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এরআগে ২০১২ ও ২০২২ সালে কমিশনটির চেয়ার এবং ২০১৩ ও ২০২৩ সালে ভাইস-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছিল বাংলাদেশ।
বাংলাদেশের জাতিসংঘ স্থায়ী মিশনের বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় পাঁচ সদস্যের ব্যুরো নির্বাচনের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শান্তি বিনির্মাণ কমিশনের এই গুরুত্বপূর্ণ অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে মরক্কোকে চেয়ার হিসেবে নির্বাচিত করেছে। একই সঙ্গে বাংলাদেশের পাশাপাশি জার্মানি, ব্রাজিল এবং ক্রোয়েশিয়া নতুন মেয়াদে ভাইস-চেয়ার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বাংলাদেশ বিনির্মাণ কমিশনের সক্রিয় সদস্য হিসেবে ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শান্তি বিনির্মাণ কমিশন মূলত একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা বিশ্বের সংঘাত-আক্রান্ত দেশগুলোতে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করে থাকে।
এটি সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে নির্বাচিত ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। বিশেষ করে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে শীর্ষস্থানীয় সৈন্য ও আর্থিক অবদানকারী দেশগুলো এই কমিশনের নীতিনির্ধারণে বিশেষ ভূমিকা পালন করে।
দায়িত্ব গ্রহণ পরবর্তী এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদল তাদের ওপর আস্থা রাখার জন্য কমিশনের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।
একই সঙ্গে তারা জানায়, জাতিসংঘের শান্তি রক্ষার বৈশ্বিক প্রচেষ্টার প্রতি বাংলাদেশের অঙ্গীকার অটল এবং আগামী দিনগুলোতে টেকসই শান্তি নিশ্চিতে বাংলাদেশ আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।