ঢাকা মেইল ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৬, ০১:০২ এএম
রাজধানীর কদমতলীর দক্ষিণ দনিয়া এলাকায় একটি বাসা থেকে মোছা. ইয়াসমিন (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্বামী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ( ভোরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের প্রথম সংসারের ছেলে আল আমিন জানান, মঙ্গলবার রাতে তার সৎবাবা নজরুল ইসলাম ফোন করে বলেন, ‘তোমার মায়ের খোঁজ নিও।’ বুধবার বিকেলে তিনি বাসায় গিয়ে দেখেন, বাইরে থেকে দরজায় ছিটকিনি লাগানো। পরে প্রতিবেশীদের সহায়তায় পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা খুলে বিছানায় শোয়ানো অবস্থায় ইয়াসমিনের মরদেহ উদ্ধার করে।
স্বজনদের দাবি, নজরুল ইসলাম শ্বাসরোধে তাকে হত্যা করেছেন।
কদমতলী থানার এসআই কামরুন নাহার বলেন, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখমণ্ডল কিছুটা পচনশীল অবস্থায় ছিল। শ্বাসরোধে হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর থেকে নজরুল ইসলাম পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।