images

জাতীয়

চিকিৎসা ব্যয় জোগাতে না পেরে হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে রোগীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ এএম

‎ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আটতলা ভবনে চিকিৎসাধীন অবস্থায় লাফিয়ে পড়ে নাজমীন নামে এক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নাজমীন কিডনি রোগে আক্রান্ত। গত কয়েকদিন যাবৎ ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে কিডনি রোগের চিকিৎসা নিচ্ছিলেন।

‎রোববার (২৫ জানুয়ারি) রাত আটটায় নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে পড়ে মৃত্যু হয় তার।

নিহত নাজমীন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার জালাল মিয়ার মেয়ে। 

‎জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নতুন ভবনের আটতলার বাথরুমের পাশের ফাঁকা জায়গা দিয়ে লাফিয়ে পড়ে নাজমীনের মৃত্যু হয়। 

‎নিহতের মা পারভিন জানান, গত দুই মাস আগে আমার মেয়ে কিডনি রোগে আক্রান্ত হলে তাকে নিয়ে ঢাকা মেডিকেল এসেছিলাম। এরপর গত রবিবার তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করায়। আমার মেয়ের স্বামীর আর্থিক অবস্থা খুব একটা ভালো না। তার পক্ষে চিকিৎসাসেবার খরচ বহন করাও সম্ভব হচ্ছিল না। আজ (রোববার) সন্ধ্যার দিকে (মেয়ে) আমাকে বলে- ‘মা তোমাদের আর কষ্ট দিব না, তোমরা আমার মেয়েটিকে দেখে রেখো।’ এর কিছুক্ষণ পরেই বাথরুমে যাওয়ার কথা বলে আমার মেয়ে আট তলার বাথরুমের পাশের ফাঁকা দিয়ে লাফিয়ে একটি প্রাইভেট কারের উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে নাজমীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 
তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

‎একেএস/এমআই