images

জাতীয়

রাজধানীতে নিজ বাসায় ব্যাংক কর্মকর্তার লাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ জানুয়ারি ২০২৬, ১২:০৩ এএম

রাজধানীতে নিজ বাসা থেকে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহানুর রহমান (৪৫) সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় সিনিয়র কর্মকর্তা ছিলেন। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার বিল গজারিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে খিলগাঁও এলাকার ৪২৯/সি নম্বর ছয়তলা ভবনের তৃতীয় তলায় তার নিজ বাসা থেকে স্বজনরা তাকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ভাই মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান,পারিবারিক কারণে শাহানুর কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় কাউকে কিছু না বলে তিনি নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। বেশ কিছু সময় পার হলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে প্যান্টের কাপড় গলায় পেঁচানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখা যায়। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাত পৌনে ৯টার দিকে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।

এমআইকে/ক.ম