images

জাতীয়

শিশু নির্যাতনকারী সেই শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২৬, ১০:২৯ এএম

রাজধানীর পল্টনে শারমিন একাডেমি নামক একটি প্রতিষ্ঠানে শিশু নির্যাতনকারী সেই শিক্ষককে মিরপুর থেকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। ‎শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

‎গ্রেফতারকৃত শিক্ষক হলেন- পবিত্র কুমার বড়ুয়া। তিনি শারমিন একাডেমীর শিক্ষক ও একাডেমীর পরিচালক শারমিনের স্বামী বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও, তিনি ওই স্কুলের ব্যবস্থাপক।

এদিকে শিশুটির পরিবার সূত্রে জানা যায়, স্কুলটিতে ভর্তি হওয়ার এক সপ্তাহের মাথায় শিক্ষকদের হাতে নির্যাতনের শিকার হয় চার বছর বয়সী শিশুটি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

এর আগে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুল ইউনিফর্ম পরা ওই শিশুকে টানাহেঁচড়া করে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। এরপর গোলাপি শাড়ি পরিহিত এক নারী শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে বারবার চড় মারছেন এবং ধমক দিচ্ছেন। পরে এক পুরুষ শিক্ষককে স্ট্যাপলার হাতে শিশুটির মুখের দিকে তেড়ে যেতে দেখা যায়।

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘শিশুকে নির্যাতনের ঘটনায় শিশুর মা বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় আমরা নির্যাতনকারী শিক্ষক উত্তম কুমার বড়ুয়াকে মিরপুর থেকে গ্রেফতার করেছি। বাকী আসামিকে গ্রেফতারে কাজ করছি।’

‎একেএস/এমআই