Dhaka Mail Logo

জাতীয়

বিধি ভেঙে ভোটারের এনআইডি সংগ্রহ: শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইসি

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনি প্রচারের আড়ালে কতিপয় ব্যক্তি কর্তৃক ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে এসেছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ অনুযায়ী, অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বহন কিংবা হস্তান্তর করা যাবে না।
 
এছাড়া 'সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫'-এর বিধি-৪ অনুযায়ী, কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁর পক্ষে অন্য কেউ নির্বাচনি এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে কোনোপ্রকার চাঁদা, অনুদান বা উপহার দিতে বা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবেন না। এসব কার্যক্রম বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নির্বাচন কমিশন সব নাগরিক ও সংগঠনকে উল্লিখিত কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।
 
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সংসদ নির্বাচনের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
 
এমএইচএইচ/ক.ম