নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা এবং জীবনযাপনের ব্যয়ের জন্য প্রধান উপদেষ্টার দফতর থেকে আরও এক কোটি টাকা দেওয়া হচ্ছে।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ফ্ল্যাটের জন্য বরাদ্দকৃত এক কোটি টাকা পুরোপুরি খরচ নাও হতে পারে। জীবনযাপনের জন্য আলাদা বরাদ্দও নিশ্চিত করা হয়েছে।
অর্থ বিভাগের সূত্রে জানা গেছে, লালমাটিয়ার ‘দোয়েল টাওয়ার’ আবাসিক ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট নেওয়া হবে। ফ্ল্যাট ব্যবহার করবেন ওসমান হাদির স্ত্রী ও সন্তান। ফ্ল্যাট কেনার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করলে অর্থ বিভাগ পরিবারের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুমোদন দিয়েছে।
শরীফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকার হাসপাতাল এবং পরে সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছে। শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছিলেন, রাষ্ট্র তার স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালিত হয়।
এর আগে ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার তার ভাই ওমর বিন হাদিকে তিন বছরের জন্য যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।
এআর