নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও ২৯তম বিসিএসের ফল প্রকাশের ছয় মাস পর ছয়জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়ার ঘটনায় তৎকালীন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক ১২ সদস্য, সাবেক সচিবসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বুধবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।
২০০৮ সালের ২৯তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার হিসেবে নিয়োগপ্রাপ্ত ছয়জন বর্তমানে উপ-সচিব থেকে পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, তারা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করলেও ফল প্রকাশের ছয় মাস পর ভুয়া কোটার মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন—উপ-সচিব নাহিদা বারিক, রকিবুর রহমান খান, তোফাজ্জেল হোসেন, পুলিশ সুপার খোরশেদ আলম, সহকারী পরিচালক হালিমা খাতুন ও সহকারী অধ্যাপক মিল্টন আলী বিশ্বাস।
মহাপরিচালক জানান, এই ঘটনায় ১২ সাবেক পিএসসি সদস্য ও সাবেক সচিবসহ মোট ২১ জনকে আসামি করে ৬টি মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, ন্যাশনাল ব্যাংক থেকে ঋণের নামে ৯০৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় সাবেক পর্যবেক্ষক ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদের বিরুদ্ধে মামলা থাকায় এই মামলা নিয়ে কোনো সমালোচনার সুযোগ নেই।
দুদক বর্তমানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান করছে।
এআর