Dhaka Mail Logo

জাতীয়

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই ২০২২, ০১:১২ পিএম

আম উপহার পাওয়ার কৃতজ্ঞতাস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনারস উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। ১০০টি কার্টনে ৭৫০ কেজি সুস্বাদু আনারস পাঠান প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় ত্রিপুরার হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের এটাচি মনিশ সিংয়ের কাছে আনারসগুলো হস্তান্তর করেন।

দীপক বৈদ্য বলেন, ‘স্বাদ ও গন্ধের জন্য ত্রিপুরার আনারস বিশ্বব্যাপী বিখ্যাত। সুস্বাদু ফলগুলো ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠিয়েছেন সুসম্পর্ক এবং বন্ধুত্বের দৃষ্টান্ত হিসেবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবারও আমাদের আনারসের স্বাদ নিয়েছেন। এবারও আমরা তাকে আনারস উপহার দিয়ে গর্বিত। এ আনারসের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্প্রীতি আরও বাড়বে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ফল আদান-প্রদানের মাধ্যমে আমরা আগামীতে সম্পর্ক আরও সুন্দরভাবে বজায় রাখতে পারব।’

এ সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের আগরতলার কাস্টমস সুপার প্রাণেশ ধর, আগরতলা বন্দর ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আবু বকর প্রমুখ।

এর আগে গত ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার হিসেবে ৮০০ কেজি আম্রপালি আম পাঠান। এছাড়াও বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধানের জন্য আম উপহার পাঠান প্রধানমন্ত্রী।

জেবি