জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম
স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেছেন বাংলাদেশে বসবাস করা পাকিস্তানি এক নাগরিক। পুলিশের পক্ষ আইনী সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে তাকে আত্মহত্যার মুখ থেকে ফিরিয়ে এনে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সোমবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর উত্তরায় এমন ঘটনা ঘটে। মঙ্গলবার জাতীয় জরুরি সেবা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
জাতীয় জরুরি সেবা থেকে জানানো হয়, সোমবার রাত একটায় উত্তরার ১৮ নং সেক্টর থেকে একজন পুরুষ জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি একজন পাকিস্তানি নাগরিক। টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশের একটি রফতানিমুখী প্রতিষ্ঠানে কাজ করেন। চার বছর আগে বাংলাদেশি এক নারীকে বিয়ে করেছেন এবং তাদের দুটি সন্তান আছে।
জাতীয় জরুরি সেবা থেকে আরো জানানো হয় যে, পাকিস্তানি ওই নাগরিক মাসে দুই লাখ টাকা বেতন পান এবং বেতনের বেশিরভাগ স্ত্রীর হাতে তুলে দেন। তারপরও নানা সময় আরো টাকা চান বলে দাবি তার। অন্য নারীর সঙ্গে সম্পর্ক আছে এমন অভিযোগে স্ত্রী তাকে ব্ল্যাকমেইল করেন বলে দাবি করেন পাকিস্তানের ওই নাগরিক।
জাতীয় জরুরি সেবা থেকে জানানো হয়, মধ্যরাতে গাড়ি চালানো অবস্থায় ফোন করেন পাকিস্তানি ওই নাগরিক। মানসিকভাবে বিপর্যস্ত জানিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। বলেন, এখন আত্মহত্যা করবেন। এরপর ৯৯৯ থেকে তাকে শান্ত হয়ে গাড়ি থামাতে অনুরোধ করা হয় এবং আইনী সহায়তা ও পরামর্শের আশ্বাস দেওয়া হয়। পরে বাসার ঠিকানা অনুযায়ী তৎক্ষণাৎ তুরাগ থানার ওসির সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়।
জাতীয় জরুরি সেবা থেকে তুরাগ থানার এসআই সাব্বির আহমেদ নিক্সন সেই ব্যক্তির কাছে যান ও তার সহকর্মী ও বন্ধু-বান্ধবকে খবর দিয়ে আনেন। তার শাশুড়িও খবর পেয়ে সেখানে যান। এ সময় প্রতিনিয়ত গভীর রাতে বাসায় ফেরার অভিযোগ করেন তার স্ত্রী। সবার উপস্থিতিতে স্বামী-স্ত্রীর মধ্যে মীমাংসা করে দেওয়া হয়।
এ সময় স্বামী-স্ত্রী কারো বিরুদ্ধে কেউ অভিযোগ দিতে রাজি হননি, পরবর্তীতে আইনী সহায়তার প্রয়োজন হলে থানায় গিয়ে লিখিত অভিযোগ দাখিলের পরামর্শ দেওয়া হয়।
এমআইকে/এমআর