Dhaka Mail Logo

জাতীয়

বুটেক্স স্নাতকের মধ্যেই আছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা: শিক্ষা উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেছেন, বুটেক্স স্নাতকের মধ্যেই আছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। সততা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে উদ্ভাবনী সমাধান প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কেবল ডিগ্রির অধিকারী নন, দেশের শিল্প ও অর্থনীতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বও বহন করছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) দেশের প্রথম সরকারি বস্ত্রপ্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সি. আর. আবরার প্রাতিষ্ঠানিক বস্ত্রশিক্ষার শতবর্ষী ঐতিহ্য স্মরণ করে বলেন, ১৯১১ সালে জেলা উইভিং স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল, যা নানা ঐতিহাসিক ধাপ অতিক্রম করে আজ বুটেক্সে পরিপূর্ণ রূপ লাভ করেছে। বিভিন্ন ছাত্র আন্দোলনও শিক্ষার ভিত্তি সুদৃঢ় করেছে।

তিনি সদ্য স্নাতকদের উদ্দেশে বলেন, আপনারা কেবল একটি ডিগ্রির অধিকারী নন; বরং বহন করছেন দেশের শিল্প ও অর্থনীতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। সততা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে কাজ করে উদ্ভাবনী সমাধান দেওয়া হবে আপনারা প্রধান অঙ্গীকার।

ড. আবরার আরও যোগ করেন, বৈশ্বিক প্রতিযোগিতা, চতুর্থ শিল্পবিপ্লব, টেকসই উন্নয়ন এবং পরিবেশবান্ধব উৎপাদনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্ব প্রদানের সামর্থ্য স্নাতকদের মধ্যেই নিহিত।

সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তিতে তিনি শিক্ষকদের পরিশ্রম ও অভিভাবকদের ত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সদ্য স্নাতকদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রফেসর ড. সুনগাই ওয়াং, চেয়ার প্রফেসর, ফাইবার সাইন্স ও টেকনোলজি, হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ, চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিশিষ্ট অতিথি ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এএইচ/এআর