images

জাতীয়

‘প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার প্রাপ্যতা নিশ্চিতে গবেষণা প্রয়োজন’

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পিএম

সামগ্রিক উন্নয়ন ও সেবা প্রদানের কাজগুলোকে অন্তর্ভুক্তিমূলক করতে প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদা বা প্রয়োজনীয়তাগুলো যথাযথভাবে চিহ্নিত করা জরুরি। প্রতিবন্ধিতার ধরণ নির্দিষ্টকরণ এবং সে অনুযায়ী সেবার প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত গবেষণা প্রয়োজন বলে মনে করে ইনজুরি প্রতিরোধ ও স্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)।
 
মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সর্বক্ষেত্রে সমতার অঙ্গীকার নিয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৫ উপলক্ষে সিআইপিআরবি আয়োজিত সেমিনারে এমন মত দেন বক্তারা। 

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি'। এই স্লোগানকে প্রাধান্য দিয়ে গবেষণা ও উন্নয়ন প্রকল্পগুলোকে কী কী উপায়ে আরও অন্তর্ভুক্তিমূলক করা যায় সে বিষয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়। 

সেমিনারে সভাপতিত্ব করেন সিআইপিআরবির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. একেএম ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. এম এ ফয়েজ, সিআইপিআরবির প্রেসিডেন্ট ড. মো. মাজহারুল হক, সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) সহকারী পরিচালক আনিকা রহমান লিপি।
 
সেমিনারের শুরুতে আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস প্রতিষ্ঠার ইতিহাস, দেশীয় ও আন্তর্জাতিক তথ্য-উপাত্ত, আইন ও বিধিমালা ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন সিআইপিআরবির উপনির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান। অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা প্রদান বিষয়ে সিআইপিআরবির বিভিন্ন গবেষণালব্ধ সুপারিশমালা, পাইলট প্রকল্পগুলোর ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন ড. নওশিন তোরসা।
 
উম্মুক্ত আলোচনায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি বিষয়ে কর্মী ও কমিউনিটি পর্যায়ে কর্মরত স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান, তথ্য, যোগাযোগ ও সচেতনতামূলক উপকরণগুলো প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব করা, অবকাঠামোগত উন্নয়ন, সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা, জাতীয় নীতিমালার আলোকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব নীতিমালা গঠন নিয়ে সুপারিশমালা উঠে আসে।

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করতে কর্মী নিয়োগের সময় প্রতিষ্ঠানগুলোর কী কী কৌশল নেওয়া উচিত- এ বিষয়ে আলোচনা করেন আনিকা রহমান লিপি। তিনি বলেন, কাজের ক্ষেত্র নিশ্চিত করে শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ নিয়োগ করতে হবে। প্রতিবন্ধিতা প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণেরও সুপারিশ করেন তিনি।
 
অধ্যাপক ড. এম এ ফয়েজ বলেন, প্রতিবন্ধিতা বিষয়ক তথ্য-উপাত্তের নির্ভুলতা নিশ্চিত করতে গবেষণা করতে হবে। তিনি সিআইপিআরবিকে ইনজুরিজনিত প্রতিবন্ধিতার ধরণ বিশ্লেষণ করতে গবেষণা করার পরামর্শ দেন।  
 
সিআইপিআরবির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো. মাজহারুল হক বলেন, প্রতিবন্ধিতার সামাজিক সূচকগুলো আধুনিকীকরণ ও উপযোগী করতে সমাজ বিষয়ক গবেষকদের সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি নিয়ে কর্মশালা আয়োজনের মাধ্যমে সমাজ বিষয়ক গবেষকদের এ বিষয়ে অবহিত করা প্রয়োজন। 
 
সিআইপিআরবির সব কার্যক্রমে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নীতিমালাগুলো পুনর্মূল্যায়ন ও সর্বস্তরে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন সিআইপিআরবির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. একেএম ফজলুর রহমান।
 
বিইউ/ক.ম