images

জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ এএম

রাজধানীর কামরাঙ্গীরচরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রকি (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচর বড় গ্রাম মাতাব্বর বাজারের হারিকেন ফ্যাক্টরি আশরাফাবাদ হাই স্কুলের সামনে ঘটনাটি ঘটে।

নিহত রকি মাদারীপুর সদর উপজেলার দুধখালি গ্রামের আবু সাঈদের ছেলে। সে কামরাঙ্গীরচরের একটি মুদি দোকানের কর্মচারী হিসেবে কর্মরত ছিল। 

হাসপাতালে পথচারী মো. রানা জানান, রাতে মাতবর বাজার আশরাফাবাদ হাইস্কুলের সামনে ওই যুবক রক্তাক্ত অবস্থায় পরে ছিল। দেখতে পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা দেখেননি তিনি।

নিহত রকির বাবা আবু সাঈদ জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালি গ্রামে। বর্তমান কামরাঙ্গীরচর চেয়ারম্যান বাড়ি মোড় বড়গ্রাম এলাকায় থাকে। রকি একটি মুদি দোকানে কাজ করতো। ভোরে খবর পাই কে বা কারা রকিকে ছুরিকাঘাত করেছে, তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে রকির মরদেহ দেখতে পাই। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের দুই পায়ের উড়ুতে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কামরাঙ্গীরচর থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এমআইকে/এমআই