images

জাতীয়

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ এএম

বেসরকারি খাতে ভোক্তাপর্যায়ের এলপিজির দাম বাড়বে নাকি কমবে-এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর)।

সৌদি আরামকোর ঘোষিত ডিসেম্বর মাসের সৌদি সিপিয়ের ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ওইদিন নতুন মূল্যহার ঘোষণা করবে।

সোমবার (১ ডিসেম্বর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বিইআরসি জানায়, মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর রমনার আইইবি ভবনের (শহীদ প্রকৌশলী ভবন) ৬ষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে। একই সঙ্গে ডিসেম্বর ২০২৫-এর এলপিজির ভোক্তামূল্য সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

সর্বশেষ গত ২ নভেম্বর এলপি গ্যাসের দাম নির্ধারণ করেছিল বিইআরসি। সেদিন নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একইসঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছিল। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়।

২০২৪ সালে ৪ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। এ দফা ছিল অপরিবর্তিত। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।

এমআর/এমআই