images

জাতীয়

জুরাইনে অটোরিকশা চালককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম

রাজধানীর জুরাইনে পাপ্পু শেখ (২৮) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে গুলি করে হত্যা করা হয়েছে। ‎সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা জুরাইন গ্যাস পাইপ এলাকায় এই ঘটনা ঘটে।

‎নিহতের খালাতো ভাই সম্রাজ বলেন, পাপ্পু অটোরিকশা চালান। পরিবার নিয়ে থাকেন জুরাইন মিষ্টির দোকান এলাকায়। সন্ধ্যায় পাপ্পু বাসা থেকে বের হওয়ার ১০ মিনিট পরই আমাদের কাছে খবর আসে, জুরাইন গ্যাস পাইপ কনকর্ড স্কুলের সামনে তাকে গুলি করা হয়েছে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশেই আদ-দ্বীন হাসপাতালে নিয়ে গেছে বলে খবর আসে। আমরা ছুটে গিয়ে তাকে আদ-দ্বীন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎ 
সম্রাজ বলেন, এলাকায় শুনেছি কানা জব্বারের ছেলে বাপ্পা ও স্থানীয় কানচি নামে এক সন্ত্রাসীসহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী পাপ্পুকে গুলি করে পালিয়ে গেছে। তবে কেন তারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানি না।

‎নিহতের বন্ধু মো. সানি বলেন, কিছু দিন আগে বাপ্পার ভাতিজা হিমেলের সঙ্গে পাপ্পুর ঝগড়া হয়েছিল। সেই ঘটনার জের ধরে আজ পাপ্পুকে গুলি করতে পারে।

‎চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিএনজি চালক পাপ্পু শেখকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি কদমতলী থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

‎একেএস/ক.ম/