নিজস্ব প্রতিবেদক
০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
মেট্রোরেলের বিয়ারিং প্যাডের দুর্ঘটনার পর গড়ে ১০ শতাংশ যাত্রী কম যাতায়াত করছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
সোমবার (১ ডিসেম্বর) উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
যাত্রী কমার বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগে দৈনিক গড়ে চার লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করতেন। এ সংখ্যা এখন চার লাখের আশপাশে রয়েছে। ভূমিকম্পে মেট্রোরেলের ফিজিক্যাল কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন : ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ক্ষতি হয়নি
ভূমিকম্পে মেট্রোরেলের ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, গত ২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেবল দুটি টেইলস পড়ছে। ফাটলের বিষয়টি জানা নেই। আপনার আমার বাসাবাড়িতেও এমন জিনিস পড়েছে।
তিনি আরও বলেন, প্রতিদিন আমরা পাবলিক সার্ভিস শুরুর আগে একটি সুইপার ট্রেন চালাই সব কিছু চেক করার জন্য; কিন্তু সেদিন (২১ নভেম্বরের ভূমিকম্পের দিন) আমরা দুটি সুইপার চালিয়েছে, যার কারণে লেট হয়েছে।
এদিকে রোববার সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে যাওয়ার ঘটনায় রাত ৮টার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই বিষয়ে ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদ বলেন, একটা ছেলে ছাদে উঠে গেছে এটা জানার পর পরই আমাদের সিকিউরিটি সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে ফেলে। আল্লাহর রহমত কোনো ক্ষতি হয়নি। সে (ওই কিশোর) কারওয়ান বাজার থেকে আগারগাঁও যায়, সেখান থেকে সে দুই ট্রেনের মধ্যখানে বসে সেখান থেকে সচিবালয় যায়। ওখানেই তাকে নামিয়ে ফেলা হয়।
আরও পড়ুন : মেট্রোরেলের ছাদে ওঠা কিশোর এখন কোথায়?
ফারুক আহমেদ বলেন, সে সময় পুরো ট্রেন সার্ভিস বন্ধ করা হয়। যার কারণে আমরা ট্রেন বন্ধ করে প্রতিটি ট্রেকে সার্চ করেছি। আজ সকালে সুফার ট্রেন দিয়ে চেক করি কেউ আছে কিনা। আমাদের কাছে সেফটি ফাস্ট।
মেট্রোরেল আরও সিকিউরিটি বাড়ানোর কথা জানিয়ে ফারুক আহমেদ বলেন, স্টেশনের নিচে এন্ট্রি পথে সিসি টিভি লাগানো হবে। যাতে উৎসটা কোথায়, কোথায় থেকে এল সব দেখা যাবে। ফার্মগেট পার্ক মাঠ ৬৫ শতাংশ জনগণকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এসএইচ/এমআই