নিজস্ব প্রতিবেদক
০১ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহর আঘাতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১ ডিসেম্বর) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের উদ্দেশে পাঠানো এক চিঠিতে তিনি এ শোকবার্তা জানান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব কালাম আজাদ মজুমদার।
চিঠিতে প্রধান উপদেষ্টা লেখেন, ঘূর্ণিঝড় ডিটওয়াহর কারণে সৃষ্ট প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের খবর তাকে গভীরভাবে ব্যথিত করেছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি শ্রীলঙ্কার অন্যতম ভয়াবহ আবহাওয়াজনিত দুর্যোগ বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও লেখেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবেও তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। যারা আপনজন হারিয়েছেন তাদের জন্য আন্তরিক প্রার্থনা ও চিন্তা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
এ কঠিন সময়ে শ্রীলঙ্কার বন্ধুসুলভ জনগণের প্রতি সংহতি জানিয়ে প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, বন্যা ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার কর্মকাণ্ড, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য মানবিক সহায়তাসহ প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত আছে।
এম/এআর