images

জাতীয়

মেট্রোরেলের ছাদে ওঠা কিশোর এখন কোথায়?

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পিএম

মেট্রোরেলের ছাদে ওঠা সেই কিশোরকে সংশোধনাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে এমআরটি পুলিশের নিয়ন্ত্রণকক্ষ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (৩০ নভেম্বর) রাত ৮টার পর আগারগাঁও স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনের ছাদে ওঠে ওই কিশোর। সচিবালয় স্টেশনে পৌঁছার সময় দুই বগির মাঝখানে তাকে ঝুলতে দেখে যাত্রীরা চিৎকার করে সতর্ক করেন। এরপর সে ট্রেনের ছাদে উঠে পড়ে।

পরিস্থিতি বুঝে নিরাপত্তাকর্মীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে ছাদ থেকে নিরাপদে নামিয়ে আনেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর রোববার রাতেই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে শাহবাগ থানার মাধ্যমে ওই কিশোরকে আগারগাঁওয়ের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।

ডিএমটিসিএলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কিশোর ইয়াসিনের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে। যে অংশে সে উঠেছিল, সেখানে ক্যাটিনারি সিস্টেমের বিদ্যুতায়িত তারের নিচে ট্রেন চলে। ট্রেনের ছাদ সেই তারের কাছাকাছি থাকায় কোনোভাবে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি ছিল। মেট্রোরেল চালু হওয়ার পর এ ধরনের ঘটনা আর ঘটেনি বলে এটিকে বেশ ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এম/এমআই/এআর