images

জাতীয়

চিকিৎসকদের চেয়ে প্রভাবশালী আর কেউ নেই: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, দেশের চিকিৎসকদের অনেক প্রভাব রয়েছে। চিকিৎসকদের চেয়ে প্রভাবশালী আর কেউ নেই। যত বড় আমলা বা রাজনীতিবিদই হোক, তিনি অসুস্থ হলে চিকিৎসকদের ওপরই নির্ভর করেন।

রোববার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ৩৮তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন বসকন-২০২৫–এর প্রথম দিনের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তনের কিছুটা হলেও চেষ্টা করেছে। আমরা অন্তত শুরু করেছি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ন্যায্যতার ভিত্তিতে নয়। এই দেশে সবাই সমানভাবে স্বাস্থ্যসেবা নিতে পারে না। পর্যাপ্ত বাজেট নেই। স্বাধীনতার ৫৪ বছরেও স্বাস্থ্য খাত অগ্রাধিকার পায়নি।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, জুলাই আন্দোলনে অর্থোপেডিক ও চক্ষু বিশেষজ্ঞরা ব্যাপক অবদান রেখেছেন। আল্লাহ আমাদের মেধা দিয়েছেন। আমরা সেবা করার সুযোগ পাচ্ছি। অন্য পেশার মানুষ এমন সুযোগ পান না। আমরা যেন মানুষকে যথাযথভাবে সেবা প্রদান করি। আমাদের দায়িত্ব মানুষের পক্ষে থাকা।

তিনি বলেন, সাধারণ মানুষ চিন্তা করতে পারে না দেশের স্বাস্থ্য ব্যবস্থা কেমন হবে। যাদের মেধা রয়েছে, তাদেরই এ বিষয়ে চিন্তা করতে হবে।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান আরও বলেন, সারাদেশের মানুষ তাকিয়ে থাকে আমাদের দিকে, যারা পাঁচ তারকা হোটেলে বসে মিটিং করি। তারা কিভাবে চিকিৎসা পাবে—এই কথা আমাদের বলতে হবে। ১৮ কোটি মানুষের কথায় আইসিইউর বেড নিশ্চিত হয় না, ওষুধ নিশ্চিত হয় না, সিরিয়াল নিশ্চিত হয় না।

সভায় অতিথি হিসেবে ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, এনডিএফের মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন, সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আবুল কেনান, সোসাইটির সদস্য সচিব ডা. ইরফানুল হক সিদ্দিকী, বসকন-২৫ উদযাপন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ওয়াকিল আহমেদ এবং সেক্রেটারি ডা. মো. মিজানুর রহমান প্রমুখ।

এসএইচ/এআর