images

জাতীয়

হত্যার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করল পিবিআই

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৫, ০৮:১০ পিএম

নারায়ণগঞ্জে মাদক সেবনরত অবস্থায় মোবাইলে অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তাকবির আহমেদকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে যায় ঘাতকরা। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

‎‎শনিবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংস্থাটি।

‎পিবিআই সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় ভুক্তভোগী তাকবির আহমেদ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন সিদ্ধিরগঞ্জ আটি ওয়াপদা কলোনীর পরিত্যক্ত ভবনের একটি কক্ষে তার লাশ পাওয়া যায়। 

এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

‎পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা জড়িত সন্দেহে হারুনকে নারায়ণগেঞ্জের সোনারগাঁও থানার লাঙ্গলবন্দ এলাকা থেকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত আরেক আসামি রফিকুলকে সিদ্ধিরগঞ্জ থানার ওয়াপদা কলোনী মোড় থেকে গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, আসামিদের গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন আসামি মো. রফিকুলের বাড়ির সিলিং থেকে উদ্ধার হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

‎‎সংস্থাটি আরও জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত চলমান।

‎একেএস/এএইচ